করোনা ও হেফাজতের ক্ষেত্রে সরকারি পদক্ষেপ অস্পষ্ট :মেনন

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনার ক্ষেত্রে সরকারের এতদিনের পদক্ষেপ ছিল অস্পষ্ট ও দ্বিধান্বিত। হেফাজতের ক্ষেত্রেও তাই। দেশবাসী আশা করে সরকার এবার উভয় মহামারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। করোনা সংক্রমণের পাশাপাশি হেফাজতির সাম্প্রদায়িক সন্ত্রাসকেও রুখে দিতে হবে। অন্যথায় করোনায় মানুষের যেমন প্রাণ যাবে, তেমনি হেফাজতি সন্ত্রাসের বিস্তার সারা দেশকে অস্থিতিশীল করে তুলবে। মাহে রমজান ও বাংলা নববর্ষ উভয়ই এই দুই বিপদকে ঝেটিয়ে বিদায় করবে দেশ থেকে। রমজানে মানুষের চিত্ত হোক শুদ্ধ। আর বৈশাখী ঝড় করোনার ভাইরাসকে উড়িয়ে নিয়ে যাক। শুচি হোক ধরা। রমজান ও করোনা লকডাউনকে সামনে রেখে গতকাল ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।

ভিডিওকলে মানববন্ধনে যোগ দিয়ে মেনন বলেন, লকডাউনে সারা দেশের কলকারখানা বন্ধ থাকলেও, মালিকদের কাছে আত্মসমর্পণ করে সরকার শিল্পকারখানা খোলা রাখার কথা বলেছে। কিন্তু গতবারের মতো এবারও শ্রমিকদের দায় নেয়নি। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন—কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী, মুর্শিদা আখতার নাহার, রফিকুল ইসলাম সুজন, তপন সাহা, আনোয়ার আলী, ওমর ফারুক সুমন, আরিফ চৌধুরী প্রমুখ।