পটিয়ায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৩০

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া থানাপুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে ছালামত খাঁ প্রকাশ অলি আহমদের পুত্র। তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ আটটি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো নতুন। ধারণা করা হচ্ছে—এসব কার্তুজ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি আনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, মাইকেল জসিম ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘৩০০ পিস কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাইকেল জসিমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’