ঢাকা থেকে বিএনপির আইনজীবী প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ফরিদপুরের সালথা পরিদর্শনে আসার খবরে উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা-ফরিদপুর সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল, শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ এপ্রিল সালথার সরকারি বিভিন্ন দপ্তর ও থানায় হামলা চালায় বিএনপি-জামায়াত ও হেফাজতীরা। তারা সেদিন ধ্বংসযজ্ঞ চালিয়ে আজ আবার কীভাবে সেই ধ্বংসস্তূপ পরিদর্শনে আসতে চান। আমরা বেঁচে থাকতে তাদের ঢুকতে দেব না।
এদিকে জেলা বিএনপির একটি সূত্র জানায়, ঐ আইনজীবী প্রতিনিধিদল ঢাকা থেকে রওনা হয়ে আরিচা ঘাটে আসার পর সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ ও শোডাউনের খবর পেয়ে ফিরে যান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা বলেন, মঙ্গলবার সকালে বিএনপির একটি আইনজীবী প্রতিনিধিদলের সালথার ধ্বংসস্তূপ পরিদর্শনে আসার কথা ছিল। অনিবার্য কারণবশত প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, সেদিন সালথায় বিএনপি-জামায়াত ও হেফাজত কর্মীরা পরিকল্পিতভাবে ঐ তাণ্ডব চালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করে। এখন আবার নতুন করে তাদের নেতারা নাটক করার জন্য সেই ধ্বংসস্তূপ পরিদর্শনে আসতে চান। কিন্তু সালথার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা আসলে তাদের প্রতিহত করা হবে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল লকডাউনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা। এ ঘটনায় দুই যুবকও নিহত হয়।
