নাশকতাকারীদের আটক করা হচ্ছে ভিডিওচিত্র দেখে :কাদের

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৪৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাম্প্রতিক সময়ে ‘ধর্মের নামে যারা সহিংসতা’ করেছে, আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও দেখে দেখে তাদের আইনের আওতায় আনছে। অন্যদিকে, অবকাঠামো নির্মাণকাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সরকার হেফাজতের মামলায় জড়িয়ে বিএনপি কর্মীদের ‘রাজনৈতিকভাবে হয়রানি’ করছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন, তা প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাদের এ অভিযোগ গতানুগতিক এবং সত্য নয়। শেখ হাসিনার সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাসী নয়। হেফাজতে ইসলাম দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে এবং জনগণ তথা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে, তা নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে। অপরাধী কোনো দলের হতে পারে না, ধর্ম কখনো সহিংসতা উসকে দেয় না।

স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে, তাই এ সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।’ সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়। যেসব প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে তার পেপার ওয়ার্ক এখনই শেষ করতে হবে, যেন শুকনো মৌসুম এলেই নির্মাণকাজ শুরু করা যায়। বিএনপিকে নাকি সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তাদের কর্মীদের দমন করছে, এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব কথা শুনলে জনগণ হাসে। তারা অপরাজনীতি ও মিথ্যাচারকে রাজনীতি মনে করছে।