ভার্চুয়ালি চলবে উচ্চ ও নিম্ন আদালতের বিচার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৪৯

কঠোর বিধিনিষেধের এক সপ্তাহে দেশের উচ্চ ও নিম্ন আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে বিচার কাজ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়ালি আদালতের বিচার কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানান। পরে সুপ্রিম কোর্ট থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান আজ বুধবার ভোর ৬টা হতে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখাসহ সার্বিক কার্যাবলি/চলাচলে সরকার কর্তৃক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিচার কাজ চলবে। এছাড়া সোম ও বুধবার বেলা ১১টা থেকে চেম্বার আদালতে অতীব জরুরি বিষয়ের ওপর শুনানি হবে।

এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টের চারটি বেঞ্চে অতীব জরুরি রিট, ফৌজদারি, দেওয়ানি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত মামলার শুনানি চলবে।

এছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করতে সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, শিশু আদালতের বিচারক, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ক্ষেত্রমতো তার নিয়ন্ত্রণাধীন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।