বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুই জন করোনা পজিটিভ রোগীসহ আট জনের মৃত্যু হয়েছে। ঐ ওয়ার্ডে এখনো চিকিত্সাধীন আছেন ১৬২ জন রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১০ জন রোগী। এই সময়ে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলো রোগীতে পূর্ণ ছিল। আরো অন্তত ২৫ জন রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন তারা। গতকাল দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ১৬২ জন রোগী। কিন্তু করোনা ওয়ার্ডে শয্যা রয়েছে ১৫০টি। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায় স্থান হয়েছে করোনা রোগীর। গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিক্যালে নতুন করোনা ইউনিট চালুর পর এই প্রথম শয্যা সংখ্যার বেশি রেকর্ড সংখ্যক ১৬২ জন রোগী ভর্তি হলো সেখানে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের।
