প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ। জনজীবন থমকে দেওয়া অদৃশ্য এই ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না কোনো শ্রেণির মানুষই। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সারি ক্রমেই লম্বা হচ্ছে। প্রথম ধাক্কার মতো এবারও দেশে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন সংসদ সদস্যসহ রাজনীতিক, বিশিষ্টজন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চিকিত্সক, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী ও শোবিজ অঙ্গনের অনেকে। কুমিল্লা-৫ আসনের পাঁচ বারের এমপি, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে চিকিত্সাধীন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমসহ গুরুত্বপূর্ণ অনেকেই করোনায় আক্রান্ত। এতে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিক মহলে উদ্বেগ-আতঙ্ক বাড়ছে।
আব্দুল মতিন খসরুকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গত ১৬ মার্চ থেকে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। রক্তে সোডিয়াম কমে যাওয়ায় গত ২৮ মার্চ আইসিইউতে তাকে নেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে ৩১ মার্চ তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ছয় দিনের মাথায় গত ৬ এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানও লাইফ সাপোর্টে।
করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে গত ৪ এপ্রিল স্ট্রোক করে মারা গেছেন ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ২০ মার্চ মারা গেছেন। দলটির পররাষ্ট্রবিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ করোনায় মারা যান ২১ মার্চ। জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ৩১ মার্চ মৃত্যুবরণ করেছেন।
অন্যান্য শারীরিক জটিলতার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী মিতা হক। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে একই দিন মারা যান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ। এর আগে করোনায়া মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তর গত রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও তিনি ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল। খালেদা জিয়া ছাড়াও তার বাসার আরও আট জন স্টাফ করোনায় আক্রান্ত।
প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম গত শুক্রবার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, সেদিনই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফল তিনি পজিটিভ জানতে পারেন। চিকিত্সকের পরামর্শে বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছেন ৭৬ বছর বয়সি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়ক তৌফিক-ই-ইলাহী।
বঙ্গতাজ কন্যা ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও তার দুই ছেলে সস্ত্রীক করোনায় আক্রান্ত। গত ২৬ মার্চ রিমির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে পাঁচ দিন চিকিত্সা নেওয়ার পর ৩০ মার্চ তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারদলীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূরও করোনায় আক্রান্ত।
নেত্রকোনা-৩ আসনের (কেন্দুয়া-আটাপাড়া) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও দলটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন। দেশে করোনা ভাইরাসের টিকাদানের শুরুর দিন গত ৭ ফেব্রুয়ারি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে টিকা নিয়েছিলেন অসীম কুমার উকিল। তার স্ত্রী সাবেক এমপি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলও করোনায় আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এমপি হাজি মোহাম্মদ সেলিম (ঢাকা-৭) ও বেনজীর আহমেদ (ঢাকা-২০) করোনায় আক্রান্ত। এছাড়া দেশের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক এমপি কবরী সারোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন।
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বামপন্থি লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। তারা রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণকারী বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার স্ত্রী সুরাইয়া খানমের বয়স ৮৪।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনামুক্ত হয়ে গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির অনেকে করোনায় আক্রান্ত। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক। অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সা নিয়ে বাসায় ফিরেছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। পুলিশের গুলিতে আহত যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল দীর্ঘদিন হলি ফ্যামিলি হাসপাতালে চিকিত্সা শেষে ৩১ মার্চ বাসায় ফিরেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত সারা দেশে বিএনপির চার শতাধিক নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ৫ হাজারের অধিক।
লালনগীতির শিল্পী ফরিদা পারভীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সকের পরামর্শে বাসায় চিকিত্সা নিচ্ছেন। ৬৭ বছর বয়সি এই কণ্ঠশিল্পীর করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে গত বৃহস্পতিবার। কণ্ঠশিল্পী তপন চৌধুরীও করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। এছাড়া আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি, রিয়াজ, চয়নিকা চৌধুরী, এস এম মোহসীন, শ্রাবন্তীসহ শোবিজ অঙ্গনের অনেকে করোনায় আক্রান্ত।
