এখনই এনআরসি হচ্ছে না :অমিত শাহ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২৩:০০

আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালুতে কঠোর ভূমিকা নিলেও পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে ভিন্ন অবস্থান নিয়েছে বিজেপি। কারণ এনআরসি ইস্যুতে আসামে তারা যে সুবিধা পাচ্ছে, পশ্চিমবঙ্গে তা হচ্ছে না। আর পশ্চিমবঙ্গে পরবর্তী কালে যে চার দফা ভোটগ্রহণ হবে তার বড় অংশের ভোটার মুসলিম। তাই গতকাল মঙ্গলবার দার্জিলিংয়ে এক নির্বাচনি সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে এখনই এনআরসি চালুর পরিকল্পনা নেই। আসামে এনআরসির প্রভাব পড়েছে গোর্খাদের ওপর। তারা এ নিয়ে শঙ্কিত। তাদের আশ্বস্ত করে দার্জিলিংয়ে অমিত শাহ বলেন, গোর্খাদের কোনো ভয় নেই। এনআরসি নিয়ে এখনই কোনো কথা হচ্ছে না। তবে ভবিষ্যতে কখনো হলে, গোর্খাদের কোনো সমস্যা হবে না। গোর্খারা ভারতের গর্ব। তারা অনুপ্রবেশকারী হতে পারেন না। গোর্খাদের ওপর যত মামলা রয়েছে তা প্রত্যাহার করা হবে।

পরে রাতে কলকাতার বিধাননগরে আরেকটি নির্বাচনি সভা করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ছাড় দেওয়া হবে না। সবাইকে চিহ্নিত করা হবে।

অন্যদিকে, গত সোমবার মমতা ব্যানার্জির প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এর প্রতিবাদে মমতা গতকাল কলকাতার নিউমার্কেটের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে ধরনায় বসেন। ধরনা মঞ্চে সাড়ে ৩ ঘণ্টা ছিলেন মমতা ব্যানার্জি। সেখানে বসে ছবি এঁকে প্রতিবাদ জানান। রাত ৮টায় শেষ হয় নিষেধাজ্ঞা। তারপর নির্বাচনি প্রচার সভায় যান তিনি।

বিজেপি নেতার

প্রচারেও নিষেধাজ্ঞা

মমতা ব্যানার্জির পর এবার বিজেপি নেতা এবং উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রবিবার হাবড়ায় প্রচারণায় গিয়ে তিনি বলেছিলেন, ?শীতলকুচিতে চার জনের বদলে আট জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী চার জনকে মারল, তার জন্য বরং তাদের শোকজ করা উচিত।? এর পরিপ্রেক্ষিতেই তার প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। তার মন্তব্যেও উসকানি রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। তবে মমতা ব্যানার্জিকে ‘বেগম’? বলায় বিজেপি নেতা ও নন্দীগ্রাম আসনে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এদিকে, ভারতের নির্বাচন কমিশনকে ‘ধৃতরাষ্ট্রের’ সঙ্গে তুলনা করায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকেও শোকজ করা হয়েছে।