করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ রোধে আজ বুধবার থেকে শুরু এক সপ্তাহের কঠোর লকডাউনে স্বাস্থ্যসেবা বিভাগের সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সব অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠানের আওতাধীন সব হাসপাতাল ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব দায়িত্ব পালন করতে মঙ্গলবার অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। গতকাল বিকালে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশে উল্লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্পকারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে শপিংমল বন্ধ থাকবে; কাঁচাবাজারে কেনাবেচা হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। হোটেল-রেস্তোরাঁ নির্দিষ্ট সময় শুধু খাবার বিক্রি, সরবরাহ করতে পারবে।
