যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এবার স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৩৪

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে হাইস্কুলের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে নক্সভিলের পূর্ব দিকের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে এ গুলির ঘটনা ঘটে। এদিকে মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় কারফিউ জারি করা হলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ৪০ জনকে গ্রেফতারও করা হয়েছে। খবর সিএনএন ও বিবিসির

টেনেসি রাজ্যের পুলিশ জানিয়েছে, ঐ শিক্ষার্থীই প্রথম ক্যাম্পাসের একটি স্নানকক্ষ থেকে গুলি ছুড়ে এক কর্মকর্তাকে আহত করে। পরে পুলিশের পালটা গুলিতে শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, তারা অস্টিন-ইস্টে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গোলাগুলি শেষে স্নানকক্ষে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ মেলে। দেশটিতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বন্দুক হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।

মিনেসোটার ব্রুকলিন সেন্টার শহরে ২০ বছর বয়সি কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারী পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। পুলিশ বিক্ষোভ দমনে হ্যান্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ডন্টে রাইট হত্যার ভিডিও প্রকাশ করা হয়েছে। টেজার গান বের করতে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্য ভুল করে হ্যান্ডগান বের করায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভ যখন চলছে তখন জর্জ ফ্লয়েড হত্যার শুনানি চলছে কিছু দূরেই। বিক্ষোভকারীরা আবারও পুলিশে সংস্কারের দাবি তুলেছেন। ফ্লয়েড হত্যার পরও এ দাবি উঠেছিল।