আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ১৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে ‘প্রধান সম্পাদক’ করতে চলেছে। আগামী ১৯ এপ্রিল ইতালিয়ান আলেসান্দ্রা গ্যালোনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সি গ্যালোনি বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। যিনি চলতি মাসেই অবসরে যাচ্ছেন। যার নেতৃত্বে রয়টার্স কয়েক শ পুরস্কারে ভূষিত হয়েছে, যার মধ্যে আছে সাতটি পুলিত্জারও।
রোমের বাসিন্দা গ্যালোনি চারটি ভাষায় কথা বলতে পারেন। রয়টার্সের আগে তিনি দীর্ঘদিন ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন। ব্যবসা ও রাজনীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন লেখা ও সম্পাদনায় তার অভিজ্ঞতা রয়েছে।
প্রধান সম্পাদক হিসেবে তিনি যখন দায়িত্ব নিতে চলেছেন তখন সংস্থাটি বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে।
এর মধ্যে বর্তমান বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ সব গণমাধ্যমকেই মোকাবিলা করতে হচ্ছে। এর বাইরে প্রতিষ্ঠানের নিজস্ব কিছু জটিলতাও রয়েছে।
গ্যালোনি ইতিমধ্যে রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও সামলেছেন। বিশ্বের দুই শতাধিক স্থানে কাজ করা সাংবাদিকদের দেখভাল করেছেন। তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয়েছিল রয়টার্সের ইতালিয়ান ভাষার নিউজ সার্ভিস দিয়ে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি অর্জন করেছেন। ১৩ বছর ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করার পর ২০১৩ মালে তিনি আবারও রয়টার্সে যোগ দেন।
তিনি বলেন, রয়টার্স ১৭০ বছরে স্বতন্ত্র, বিশ্বস্ত ও বৈশ্বিক প্রতিবেদনের মান দাঁড় করিয়েছে। প্রতিভাবান, নিবেদিত সাংবাদিকদের নিয়ে গঠিত এর বিশ্বমানের বার্তাকক্ষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। বিশ্ব জুড়ে সংস্থাটির প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক কর্মী রয়েছেন। বিভিন্ন মতের গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি এটি বিস্তৃত তথ্যসেবা ব্যবসার একটি শাখাও।
