ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন এ অভিযোগ করেছেন।
আকরাম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টিএসসি থেকে চানখারপুলের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার উপ-পরিদর্শক রইস উদ্দিন তাকে (আখতার) গাড়িতে করে তুলে নিয়ে যান। তিনি শাহবাগ থানায় আছেন। এ সময় তার সঙ্গে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও দাবি করেন আকরাম।
সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আখতার দীর্ঘদিন অসুস্থ ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কাজে অংশ নিতে ক্যাম্পাসে এসেছিল। চানখারপুলের দিকে যাওয়ার সময় আইন অনুষদের সামনে তাকে গাড়িতে তুলে নেয় পুলিশ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারের দমনপীড়নের অংশ হিসেবে আখতারকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে আখতারের আটকের বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ সম্পর্কে আমি কিছুই জানি না।’
প্রসঙ্গত, গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেফতার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ঐদিনই শাহবাগ থানায় মামলা করেছিল। ঐ মামলার ১ নম্বর আসামি আখতার হোসেন।
