সেনাবাহিনী প্রধানের সঙ্গে শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারগণের সাক্ষাত্

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৪২

বাংলাদেশে সফররত ইউনাইটেড নেশনস ্মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (মিনুসকা) এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সিদিকি ড্যানিয়েল ত্রাওর ও ইউনাইটেড নেশনস্ মিশন ইন সাউথ সুদান (আনমিস) এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাইলেশ সাদাশিভ তিনাইকার গতকাল মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। ফোর্স কমান্ডারগণ সাক্ষাত্কালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও চলমান শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের বিশেষভাবে সম্পৃৃক্তকরণ, মিশন এলাকায় এয়ার সহায়তা বৃদ্ধি এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে শান্তিরক্ষা অপারেশনের কার্যপ্রণালির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেনারেল আজিজ আহমেদ। এছাড়াও আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা সেখানকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে সেনাবাহিনী প্রধান মত প্রকাশ করেন।

ফোর্স কমান্ডারগণের সাক্ষাতের পূর্বে বাংলাদেশে সফররত ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস্ ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন, বিশেষজ্ঞ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময় এবং পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনায় জেনারেল আজিজ আহমেদ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রতি ভুটান সরকারের আকুণ্ঠ সমর্থন বজায় থাকবে বলে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।—আইএসপিআর