ভারতের হাসপাতাল থেকে ৩২০ ডোজ করোনা টিকা উধাও

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২১:৪৯

ভারতের রাজস্থানের জয়পু্র শহরের একটি সরকারি হাসপাতালের হিমাগার থেকে ৩২০ ডোজ করোনার টিকা উধাও হয়ে গেছে। বুধবার (১৪ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এমন এক সময়ে এই ভ্যাকসিন উধাওয়ের ঘটনা ঘটলো যখন দেশটি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে জয়পুরের এইচবি কানওয়াতিয়া হাসপাতালে। তারা জানিয়েছে, রবিবার তারা ২০০ ডোজ টিকা পাওয়ার পর তা সংরক্ষণ করে রাখে। সোমবার আরও ৪৮৯ ডোজ আসলে সেগুলোও হিমাগারে রাখা হয়। পরে টিকাগুলো হিসাব করতে গিয়ে দেখা যায় ৩২০ ডোজ উধাও।

হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের কাছে বিষয়টি নিয়ে একটি এফআইআর দাখিল করেছে। ইতোমধ্যে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরুর পরপরই পুলিশ সবার আগে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে শুরু করেছে। 

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত এই সুযোগে রাজস্থানের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, রাজ্যের পৃষ্ঠপোষকতায় অপরাধমূলক কাজ এত বেশি যে (তা ঠেকাতে) এমনকি করোনভাইরাসও ব্যর্থ হয়েছে। ব্যর্থতায় রেকর্ড ব্রেকিং পারফরম্যান্সের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।

ইত্তেফাক/এসএ