মিয়ানমারে বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১১:২১

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কিছু স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে। দেশটির দ্বিতীয় বড় শহরে মান্দালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাতে  এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, মিজিমা নিউজ এজেন্সি বলেছে, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সৈন্যরা দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন এবং গুলি চালান। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত এখনো জানা যায়নি।

এর আগে, বুধবার (১৪ এপ্রিল) মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে দেশটির সরকারি দফতরের সামনের সড়কে লাল রং ছড়িয়েছে বিক্ষোভকারীরা। জানা গেছে, এটি বিক্ষোভকারীদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মিয়ানমারের দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ে দেশটির কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে মিছিল করেছেন হাজারো মানুষ।

তবে বুধবার মিয়ানমারে কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। তবে গত দু’দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করেছে জান্তা সরকার। এ কারণে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

মিয়ানমারে এখন নববর্ষ চলছে বার্মিজ নববর্ষ থিনগিয়াং। মঙ্গলবার ছিল থিনগিয়াংয়ের প্রথম দিন। এমনিতে থিনগিয়াং মিয়ানমারের সবচেয়ে বড় উৎসব হিসেবে স্বীকৃত হলেও সামরিক অভ্যুত্থান, সু চি সহ দেশের গণতন্ত্রপন্থি নেতা-কর্মীদের কারাবন্দি করা ও সাত শতাধিক নিহতের জেরে চলতি বছর থিনগিয়াং উদযাপন করছে না মিয়ানমার।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

ইত্তেফাক/এসএ