ভারতের জম্মু-কাশ্মিরের লাইন অফ কন্ট্রোল এলাকার কর্ণা জঙ্গলে পাকিস্তান সমর্থিত একটি মাদক চোরাচালানের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ। তারা ১০ কেজি মাদক জব্দ করেছে যার আনুমানিক মূল্য ৫০ কোটি রূপি। বুধবার (১৪ এপ্রিল) এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদনে ভারতের অফিশিয়াল বিবৃতির বরাতে বলা হয়, এক সপ্তাহের মধ্যে এটি পাক-সমর্থিত 'নারকো টেরর মডেল'-এর টানা দ্বিতীয় ঘটনা। এক সপ্তাহ আগে একই এলাকায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তবে এবার চোরাচালানকারীরা লাইন অফ কন্ট্রোল এলাকায় চিহ্নিত হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের শক্তিশালী প্রচেষ্টায় পাকিস্তান সমর্থিত পাচারকারীরা সীমান্তের বেড়া পার হতে পারেনি এবং তারা মাদকের চালান রেখে পালাতে বাধ্য হয়। স্থানীয় সূত্রগুলো সামনের দিনগুলোতে এই মাদক চোরাচালানের হোমরাচোমড়াদের আটক হওয়ার উচ্চ সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করেছে।
ইত্তেফাক/এসএ
