এই সময়ের ছড়া

শুভ নববর্ষ

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৪২

 

নববর্ষ! নববর্ষ!

আগে ছিল কী দারুণ!

এখন তো খুব নিদারুণ।

 

এখন হচ্ছে করোনাকাল।

কাজটা কী তার? করো নাকাল!

ঘরে কি বাইরে শান্তি নাই রে

যেদিকেই যাই গুঁতা খাই রে

আরো কী খাই? মাকাল।

 

অনেক হর্ষ, নববর্ষ

প্রত্যাশিত এটাই

ইচ্ছে করে করোনাকে

আচ্ছা করে পেটাই।

 

রান্না হবে কত্তো পিঠে

একটা ঝাল তো একটা মিঠে

একটা শুকনো, একটা রসের

কাঁচা আমের, আনারসের।

 

নববর্ষে মেলায় যাব

অনেক মোয়া-মুড়কি খাব

চশমা কিনব, ঘড়ি কিনব

কিনব বেলুনবাঁশি

সবার মুখে ফুটে থাকবে

ফুলের মতো হাসি।

অমাবস্যা রাতে যেন

জোছনা রাশি রাশি।

 

হায়, করোনা সর্বনাশা

ওর প্রতি নেই ভালোবাসা

বিদায় নেবে, এটাই আশা—

সম্ভাবনা? তা নাই!

বাংলা নববর্ষে তবু
শুভেচ্ছাই জানাই।

 

শুভ নববর্ষ

হোক জীবন উত্কর্ষ!