নাট্যকার তানজিন তিশা

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৪৩

বিনোদন রিপোর্ট

 

সাধারণত জনপ্রিয় ও ব্যস্ত তারকাদের নাট্যকার বা নির্মাতা পরিচয়ে দেখা যায় না। তবে সময়ের জনপ্রিয় তারকা তানজিন তিশা এবার নাটকের গল্প লিখলেন। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউজ নং ৯৬’-এর বিশেষ ৭টি পর্বে তিনি অভিনয় করেছেন। এরইমধ্যে পর্বগুলো এনটিভিতে প্রচার হয়েছে। যদিও বিশেষ ৭টি পর্বের কোনো নাম নেই। তারপরও তানজিন তিশা অভিনীত পর্বগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কারণ তানজিন তিশা তার নিজের গল্প ভাবনায় এই বিশেষ ৭টি পর্বে কাজের মেয়ে আকলিমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছেন। এর আগে তানজিন তিশাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যায়নি বলেও দর্শক তাকে এই চরিত্রে বেশ গ্রহণ করেছেন। একজন অভিনেত্রীকে একই ঘরানার চরিত্রে দর্শক অভিনয়ে দেখতে দেখতে তা থেকে বেরিয়ে যখন ব্যতিক্রম কোনো চরিত্রে দেখেন তখন দর্শকও তা আগ্রহ নিয়ে উপভোগ করেন। আকলিমা চরিত্রে তানজিন তিশার অভিনয় যেমন অনবদ্য হয়েছে ঠিক তেমনি চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তার পোশাক-আশাক, সর্বোপরি একজন কাজের মেয়ের হাঁটাচলা, কথা বলার ধরন সবকিছু তানজিন তিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন বিধায় চরিত্রটি দর্শকের মাঝে সাড়া ফেলেছে। শুধু দর্শকই নয়, অনেক নির্মাতা, সহশিল্পীরাও তানজিন তিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করছেন। তিশা নিজেও বেশ সাড়া পাচ্ছেন। গতকাল দুপুরে মুঠোফোনে তার সঙ্গে কথা হলে তানজিন তিশা বলেন, ‘নিজের গল্প ভাবনা নিয়ে হিমি ভাই আমার চরিত্রটির ওপর গুরুত্ব দিয়ে হাউজ নং ৯৬ নাটকটির বিশেষ ৭টি পর্ব নির্মাণ করেছেন। তিনি চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রেখেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ভুলে চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে। আমি বলবো না যে, খুব ভালো করেছি, কিন্তু একজন আকলিমার চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার সর্বাত্মক চেষ্টার কমতি ছিল না। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে নাটকটি প্রচারের পর থেকে সত্যিই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’