বর্তমানে কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন?
নতুন কোনো সিনেমার খবর নেই। তবে অনিমেষ আইচের সঙ্গে একটি কাজ করার কথা চলছে। এখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ততা চলছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘খনা অর্গানিক’ যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে চাই—
লোগো উন্মোচন সম্প্রতি করলেও আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটির যাত্রা কিন্তু ১ বছর আগেই হয়েছে। ভোক্তাদের আগ্রহ এরইমধ্যে আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। মানুষের সঠিক স্বাস্থ্যসেবার লক্ষ্যে এই কৃষি প্রতিষ্ঠানটি চালু করেছি। প্রতিষ্ঠানটির মাধ্যমে সম্পূর্ণ কীটনাশক মুক্ত দেশি পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম চলছে।
লোগোতে প্রাচীন কৃষিজ উপকরণ লাঙল রাখার বিশেষ কোনো কারণ আছে কী?
দেখুন, আমাদের দেশে কিন্তু কৃষকরাই সব চেয়ে বড় সাধক। আর আমার প্রতিষ্ঠান যেহেতু শুধু দেশি কৃষি পণ্য নিয়ে কাজ করবে সেহেতু কৃষক আর কৃষিজ উপকরণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মূলত লাঙল রাখা হয়েছে।
অভিনয়, ব্যবস্যা ও সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। একসঙ্গে তিন ধারার তিনটি কাজ প্রতিবন্ধকতা তৈরি করছে না?
যেহেতু নাটকে কাজ করবো না সিদ্ধান্ত নিয়েছি, শুধু ভালো গল্প পেলে চলচ্চিত্রে কাজ করছি, তাই ব্যবসায় সময় দিতে সমস্যা হচ্ছে না। আর পার্টি অফিসে তো সবসময় যেতে হয় না।
আপনারা সিনিয়র হওয়ার পরই অভিনয় কমিয়ে অন্য পেশায় নিজেকে সম্পৃক্ত করেন। এটা কী কাজ না পাওয়ার কারণে? নাকি অভিনয়টা তরুণ বয়সের বলে মনে করেন?
বিষয়টি তেমন না। তরুণ বয়সে অভিনয়টা সবাই শেখে মাত্র। অন্যরা কেন ভিন্ন পেশায় সম্পৃক্ত হচ্ছেন সেটা বলতে পারবো না। মাঝে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ ছিল। বাজে কোয়ালিটির কাজ হচ্ছিল। সে কারণেই আমি বিরতি দিয়েছিলাম।
অন্যান্য দেশের অভিনেতা-অভিনেত্রীরা সব ধরনের চরিত্রে কাজ করেন। কিন্তু দেশের তারকারা ভাই-ভাবী, মা-বাবার চরিত্রে অভিনয় করতে অনিহা প্রকাশ করেন। এ বিষয়ে কী মন্তব্য করবেন?
দেখুন, বাইরের দেশে একজন আর্টিস্টকে কেন্দ্র করে গল্প লেখা হয়। সেই চরিত্রটির গুরুত্ব থাকে। কিন্তু আমাদের দেশের কী সেটা হয়? তাহলে এক সময় যে সুপারস্টার ছিল সে কেন এমন চরিত্রে কাজ করবে! আমাদের দেশে তো টিনেজ ছাড়া নায়িকা ভাবাই হয় না!
অনেকেই এখন ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন। আপনি এই মাধ্যমে নিজেকে জড়াতে পিছিয়ে কেন?
দেশে ওয়েব সিরিজের যাত্রা হয়েছে মূলত করোনা শুরুর সময় থেকে। সেই সময়ে নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলাম। তাছাড়া ঝুঁকি নিয়ে কাজও করতে চাইনি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নিশ্চয় ওয়েব সিরিজে কাজ করবো।
সাক্ষাত্কার:এ এম রুবেল
