‘বেগুনশূন্য’ নাটোর বাজার!

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪০

নাটোর প্রতিনিধি

শুনতে অবাক হলেও নাটোর বাজার ‘বেগুনশূন্য’। বৃহস্পতিবার নাটোর বাজার ঘুরে এমনই চিত্র চোখে পড়েছে। সরেজমিনে নাটোর নীচা বাজার ঘুরে দেখা যায়, হাতেগোনা দুই-তিনটি দোকান বাদে কোনো খুচরা দোকানেই বেগুন নেই। এ বিষয়ে সবজি বিক্রেতা আলমগীর জানান, প্রথম রোজাতে প্রতি কেজি ১০০ টাকা দরে প্রচুর বেগুন বিক্রি হয়েছে। অন্যদিকে যোগান কম থাকায় বাজারে বেগুন নেই। তবে আজকে দুই-তিনটা দোকানে বেগুন আছে, সবার কাছে  নেই। সবজি বিক্রেতা বাবু বলেন, আজ বেগুনের যোগান কম। তবে কয়েক দিনের মধ্যে আবার বাজারে বেগুনের যোগান বেশি হয়ে যাবে। গতকাল ১০০ টাকায় বেগুন বিক্রি হলেও আজ ৯০ টাকায় বিক্রি করেছি। বেগুন কিনতে আসা রফিক বলেন বাজারে যে বেগুন পাব না ভাবতেই অবাক লাগছে। এমন বেগুনশূন্য অবস্থা এর আগে দেখিনি।