ইতালি প্রবাসী মাসুদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হবে —এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪০

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যারাই নির্মমভাবে ইতালি প্রবাসী মাসুদকে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে। হত্যাকারী যতই প্রভাবশালী হোক না কেন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে কোনো আপস করবে না। বৃহস্পতিবার বিকালে পৌরসদরের নওপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মাসুদের কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন। তিনি মাসুদের বাড়িতে গিয়ে তার শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় সেখানে উপস্থিত শত শত গ্রামবাসীর উদ্দেশে এমপি নিক্সন চৌধুরী বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা শান্ত থাকুন, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সর্বদা আপনাদের পাশে আমি থাকব।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নওপাড়া বাসস্ট্যান্ডে চায়ের দোকানে ইতালি প্রবাসী মাসুদ মিয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর হতেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ড নিয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে।