সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪০

সাতক্ষীরা প্রতিনিধি ও শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হোগলদড়া খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে। নিহতের ভাই আনিস মোল্ল­া জানান, তারা সাত জন এক সঙ্গে গত ১ এপ্রিল মধু আহরণ করতে সুন্দরবনে যান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধু আহরণের জন্য হোগলদড়া খালে নৌকা বাঁধেন। এ সময় তার ছোট ভাই হাবিবুর রহমান একা একা আগেই বনে ওঠে। কিছুক্ষণ পরে তিনি বনে উঠেই দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার সামনে দিয়ে আক্রমণকারী বাঘটি চলে যায়। পরে হাবিবুরের লাশ নিয়ে লোকালয়ে ফেরেন তারা। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য এক ঘটনায় সুন্দরবনে মধু আহরণের সময় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের হালিম শেখের ছেলে রবিউল ইসলাম বাঘের আক্রমণে গুরুত্বর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সহযোগীদের নিয়ে সুন্দরবনের তালপট্টু এলাকায় মদু আহরণের সময় বাঘ রবিউলকে আক্রমণ করে। এ সময় সহযোগীদের সহায়তায় রবিউলকে বাঘের মুখ থেকে রক্ষা করা হয়। বর্তমানে তিনি স্থানীয় পল্লি চিকিত্সকের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বনবিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার কথা বলেন।