রামেক হাসপাতাল
স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা রোগীদের চিকিত্সায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন সরবরাহের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দরকার পড়ে। যাতে প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে রোগীদের অক্সিজেন সরবরাহ বাড়ানো যায়। কিন্তু রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে উপকরণের অভাবে অনেক হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অকার্যকর রয়েছে। উপকরণ না থাকায় সেসব ক্যানোলা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী বলেন, যেসব রোগীদের জন্য ১৫-২০ লিটারের অধিক অক্সিজেনের প্রয়োজন হয় তাদের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে। তবে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোল ব্যবহারের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। যেগুলো সবসময় পাওয়া যায় না। কারণ হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলায় যেসব উপকরণ ব্যবহূত হয়, একবার অক্সিজেন দেওয়ার পর সেগুলো নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আমাদের হাসপাতালে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে অনেক হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা থাকলেও ব্যবহার করার উপকরণের অভাবে অনেক হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা কার্যকর করা সম্ভব হচ্ছে না। এখন ২১টির মতো হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা কার্যকর রয়েছে বলে জানান তিনি। এসব হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনা ওয়ার্ড ও আইসিইউতে ব্যবহার করা হচ্ছে। রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী আরো বলেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সায় বেড রয়েছে ১৬৩টি। আইসিইউ বেড রয়েছে মাত্র ১০টি। প্রতিটি করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।
