সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪১

ভেড়ামারায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারায় বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশু মোস্তাফিজুর রহমান (১০) ও সিয়ামের (১২) মৃত্যু হয়েছে। উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাহিরচর ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান কচি জানান, উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মধ্যপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান ও সিয়াম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৬ দাগ মধ্যপাড়া এলাকার বকুলের ছেলে সিয়াম ও ১২ দাগ এলাকার মাসুমের ছেলে মোস্তাফিজুর রহমান। সম্পর্কে তারা দুই জন খালাতো ভাই।

পৌরসভায় রাস্তা কার্পেটিংয়ের উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম পৌরসভায় বৃহস্পতিবার ১ হাজার ৩৫০ মিটার দৈর্ঘ্যের রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। নবনির্বাচিত পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোয়ালফা মোজাহার আলীর বাড়ি হতে মৌখাড়া-বনপাড়া সড়ক পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন।

অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি নাটোরে বৃহস্পতিবার অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। নাটোর শহরের বড়গাছা খাদ্য গোডাউনে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে গম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা প্রমুখ।

মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলীর পুড্ডা বাজার এলাকায় মাস্ক না পরা ও সড়ক আইন না মানায় ১২ জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার জারুইতলা ইউনিয়নের পুড্ডা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।

পীরগঞ্জ গণহত্যা দিবস আজ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা আগামীকাল ১৭ এপ্রিল পীরগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তান বাহিনী পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে আওয়ামী লীগ সভাপতি ডা. সুজা উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, কলেজের শিক্ষক অধ্যাপক গোলাম মোস্তফা, হোটেল ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, কৃষক আতিউর রহমানসহ সাত জনকে তুলে নিয়ে যায়। পরে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের জামালপুর ইক্ষু খামারে নিয়ে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঐ রাতেই স্বজনরা গরুর গাড়িতে করে লাশ এনে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করে।

১০ টাকা মূল্যের চালের সঙ্গে মাস্ক বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের ২ হাজার ২০০ সুবিধাভোগী পেল সরকারি বরাদ্দের ১০ টাকা কেজির দরের চাল। পাশিপাশি যারা মাস্ক নিয়ে আসেনি তাদের মধ্যে বিনা মূল্যে মাস্কও বিতরণ করা হয়। বৃহস্পতিবার অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বাদশা।

চোলাই মদসহ আটক ২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে বুধবার রাতে ৬০ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদীর ঢুলটি থেকে এদের আটক করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, ঈশ্বরদী থেকে মাদক নির্মূলের জন্য অভিযান অব্যাহত থাকবে।

কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ বিতরণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা ভেদরগঞ্জে ৩৫টি কমিউনিটি ক্লিনিকের ৯টির স্বাস্থ্যকর্মীর মধ্যে বৃহস্পতিবার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপ্রাইটরদের হাতে এ ল্যাপটপ ও মডেম তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেঘনাথ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসীফ প্রমুখ।

করোনা সচেতনতামূলক প্রচারাভিযান

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক তিন দিনের প্রচারাভিযান আজ শুক্রবার শেষ হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এ প্রচারাভিযান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান প্রদান

নরসিংদী প্রতিনিধি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এবং জটিল রোগে আক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং জেলা সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।