স্পোর্টস ডেস্ক
রক্ষণের অন্যতম স্থপতি অধিনায়ক সার্জিও রামোস ছিলেন না দলে। আরো ছিল না রিয়ালের ডিফেন্সের কান্ডারি রাফায়েল ভারান, মার্সেলোরা। অচেনা রক্ষণভাগ নিয়েই লিভারপুলের সঙ্গে বাজিমাত করল রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। আর সহজ সুযোগ মিস করে শেষ আট থেকেই বিদায় নিশ্চিত হলো অলরেডসদের। অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে লিভারপুলের বিপক্ষে। আর এই ড্রয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে শেষ চার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে সেমিতে ওঠার আনন্দে রিয়াল বস জিনেদিন জিদান বলেছেন, ‘আমরা জানতাম তারা আমাদের ভোগাবে এবং প্রথম ১৫ মিনিটে তারা খুবই আক্রমণাত্মক খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এজন্য আমরা খুশি। আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমার দল রিয়াল সবসময় আরো চায়।’ অপরদিকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ বলেছেন, ‘রিয়ালের মাঠে প্রথম লেগের পরাজয়টা ছিটকে যাওয়ার মূল কারণ। তবে ফরোয়ার্ডরা যেভাবে সুযোগ মিস করেছে এরপর জয়ের আর আশা থাকে না।’ সেমিফাইনালে আগামী ২৭ এপ্রিল রিয়ালের প্রতিপক্ষ চেলসি।
