সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই নিউজিল্যান্ডে সফরে বাংলাদেশের হয়ে খেলেননি সাকিব আল হাসান। গত ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছিলেন তিনি। দুই কন্যার পর পুত্রের বাবা হয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার। এতদিন অবশ্য সাকিবের ছেলের নাম জানা যায়নি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নাম জানিয়েছেন তিনি।
বাংলাদেশের টেস্ট বাদ দিয়ে এখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন সাকিব। দলের পক্ষ থেকে পুরো পরিবারকে দেওয়া হয়েছে জার্সি। সেখানে তার ছেলের জার্সিও আছে। নিজের, স্ত্রী উম্মে আহমেদ শিশির, দুই কন্যার পাশাপাশি ছেলের জার্সি বিছানায় রেখে তোলা ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানেই দেখা যাচ্ছে তার ছেলের নাম ‘আইজাহ আল হাসান।’
ফেসবুকে সাকিব লিখেছেন, ‘এক মাস পূর্ণের শুভেচ্ছা আমার ছেলে আইজাহ আল হাসান! তুমি আমাদের ছোট পরিবারকে পূর্ণ করেছ। তুমি দুই জন বোনের ভালোবাসার ভাই, যাদের কাছে তুমি চাঁদের মতো। আমরা তোমাকে পেয়ে ধন্য! আমার পূর্ণ পৃথিবী।’
