কুমিল্লা মহানগরীতে প্রবেশের অন্যতম প্রধান পুরাতন ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের দুর্গাপুর এলাকায় সড়কের দু’পাশে বসছে কাঁচাবাজার—সেখানে তরিতরকারি, মাছ সবই মেলে। আর ক্রেতাদেরও সড়কের ওপর কেনাকাটা করতে দেখা যায়। ব্যস্ততম এই সড়কে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয়। আর বাজারটিকে ঘিরে একটি চক্র প্রতিদিন দোকানিদের কাছ থেকে চাঁদা আদায় করলেও সরকারি তহবিলে কোনো রাজস্ব জমা হয় না।
ভোর থেকে বেচাকেনা শুরু হয়ে দুপুরের আগেই বাজারটির কার্যক্রম শেষ হয়ে যায়। আর দুর্গাপুর, ভোলানগর, নোয়াপাড়া, আড়াইওরা, চম্পকনগর, আলেখারচর ও আমতলীসহ আশপাশের গ্রামগুলো থেকে লোকজন আসে দৈনন্দিন বাজার করতে। কুমিল্লা থেকে ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ছাড়াও জেলার দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস, মুরাদনগর, চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক চলাচল করে। সরকারি জায়গায় বাজার বসাতে অনুমতির প্রয়োজন হলেও এক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি। বাজারটির ২০ গজের মধ্যেই স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন, তহসিল অফিস। ভূমি অফিস থেকে বাজারটি বন্ধের জন্য বলা হলেও দোকানিরা সেটা আমলে নিচ্ছেন না। এ অবস্থায়, সড়কের পাশ থেকে বাজারটি সরিয়ে নিরাপদ স্থানে চালু করে রাজস্ব আদায়ের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
