আমরা মানুষ সমাজবদ্ধভাবে বাস করি। রাষ্ট্রের নাগরিক হিসাবে সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের কিছু দায়দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসাবে দায়িত্বের জায়গা থেকে অনেকেই বিভিন্ন রকমের সামাজিক উন্নয়নমূলক এবং সচেতনতামূলক কাজ করে থাকেন। কিন্তু কেউ কোনো ভালো কাজ করলে আমরা তার স্বীকৃতি দিতে চাই না। আমাদের মধ্যে প্রবণতা হচ্ছে নিজেরা কোনো কাজ করব না, অন্যজন একটি ভালো কাজ করলে সে কাজের সমালোচনা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো কাজটি যাতে না হয় সেজন্যে প্রকাশ্যে কিংবা গোপনে বিরোধিতা করা হয়। এতে করে যিনি বা যারা কাজটি করছেন তারা অনেক সময় ভালো কাজটি করার উত্সাহ হারিয়ে ফেলেন অথবা কাজটি করতে দীর্ঘসূত্রতার মধ্যে পড়তে হয়, যা অত্যন্ত দুঃখজনক। এমনিতেই আমাদের সব জায়গায় এখন দুর্নীতি এবং হটকারিতায় ভরে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত। খুব অল্পসংখ্যক মানুষ মানবিক হিসাবে কাজ করছেন। তাঁদের কাজের স্বীকৃতি যেমন দেওয়া দরকার, তেমনি ভালো কাজের প্রশংসা করাও জরুরি। এতে করে যিনি বা যাঁরা কাজটি করছেন তাঁরা যেমন উত্সাহিত হবেন তেমনি অন্যেরাও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হবেন। উপকৃত হবে দেশ ও সমাজ।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ
ভাওয়ালগড়, গাজীপুর
