করোনার বিরুদ্ধে গড়ে তুলতে হবে সচেতনতার দুর্গ :কাদের

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৫৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনা ভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। দোষারোপের রাজনীতি করোনা সংকটকে আরো ভয়াবহ করে তুলবে। এ মুহূর্তে পারস্পরিক দোষারোপ থেকে বের হয়ে আসতে হবে।’

গত দুই দিন ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের  এক নিষ্ঠুর বাতাবরণে। করোনাকবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উত্সবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না। এদিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাঁশির সুর। সার্বজনীন বৈশাখী আবেগ-উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারি করোনার আতঙ্কের অন্ধকারে। তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।’ ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। বিএনপি যদি এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ হবে।’ সরকার বিরোধিতার নামে অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ আওয়ামী লীগ করে না, পারস্পরিক দোষারোপ করোনা ভাইরাসের সংকটকে আরো ভয়াবহ করে তুলবে।’ বিএনপির দ্বিমুখী নীতি সম্পর্কে জনগণ জানে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না। অথচ এখন সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে জনগণ শঙ্কায় আছে, এ নিয়ে বিএনপি আবার কখন কোন্ অপরাজনীতি শুরু করে।’ বিএনপির উসকানিতেই হেফাজতে ইসলাম ২৬ মার্চ তাণ্ডব চালিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘তার ১৮ দিন পর বিএনপি বলছে, ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত। আমরা মনে করি, সেদিনের এবং পরবর্তী ঘটনাবলি দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল। এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।’