করোনা মহামারি নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর বিধিনিষেধ চললেও এরমধ্যেই ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি অব্যাহত থাকবে। দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিনই এই কার্যক্রম চলমান থাকবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ওএমএস ডিলারের মাধ্যমে মোট ৭১৫টি বিক্রয়কেন্দ্রে (১০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ টন চাল ও ৭৯৬ টন আটা বিক্রি করা হবে। এরমধ্যে ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ টন চাল এবং ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ টন চাল ও ৬৬ টন আটা বিক্রি করা হবে। এ ছাড়া শ্রমঘন জেলা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলারপ্রতি এক টন চাল ও দুই টন আটা এবং অন্যান্য মহানগরী ও জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বিক্রি চলমান থাকবে।
