পটুয়াখালীর বাউফল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নে দক্ষিণ চর মিয়াজান ইবতেদায়ি মাদ্রাসার দক্ষিণ পাশে ঐ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে আকলিমা বেগম, মো. কালু হাওলাদার ও মো. জিয়াউর রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নির্বাচন বন্ধ থাকলেও চন্দ্রদ্বীপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. কামাল হোসেন সিকদার ও মো. বাবুল হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। ঘটনার দিন বাবুলের সমর্থক মো. নাসির খান সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি সকালে চর মিয়াজান ইবতেদায়ি মাদ্রাসার দক্ষিণ পাশে পৌঁছালে তার সঙ্গে কামালের সমর্থক মো. কালু হাওলাদারের কথা-কাটাকাটি হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরবর্তী সময়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
