চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নৌ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ২০ যাত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২৩:০৭

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লকডাউন অমান্য করে যাত্রী পরিবহনের সময় একটি ইঞ্জিনচালিত বোট দুর্ঘটনাকবলিত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বোটের প্রায় ২০ যাত্রী। পাশ দিয়ে যাওয়া বড় একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় বোট যাত্রীদের কয়েক জন নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলীর সল্টগোলা ঘাটের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, সকালে একটি যাত্রীবাহী বোট কর্ণফুলী নদীর ডাঙ্গারচর ঘাট থেকে সল্টগোলা ঘাটের দিকে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি আসার পর বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া বড় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হলে আতঙ্কিত চার-পাঁচ যাত্রী নদীতে ঝাঁপ দেন। তাদের কয়েক জন সাঁতরে তীরে ওঠেন। কয়েক জনকে নৌ পুলিশ উদ্ধার করে।