ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ ৩০ এপ্রিল

২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২৩:০৭

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সব ধরনের মত্স্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উত্পাদন, সামুদ্রিক মত্স্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মত্স্য আহরণের জন্য সামুদ্রিক মত্স্য আইনে প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনে ঐ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মত্স্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মত্স্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকছে।