যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করার সময় এসেছে :বাইডেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:২৮

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে আমেরিকার দীর্ঘতম যুদ্ধ শেষ করার সময় এসেছে। বুধবার হোয়াইট হাউজের ট্রিটি রুমে এক ভাষণে প্রেসিডেন্ট এই কথা বলেন। যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার ২০তম বার্ষিকীর আগেই সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে ন্যাটো বাহিনীও সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণার পর গতকাল সৈন্য প্রত্যাহার নিয়ে আলোচনার জন্য আফগানিস্তানে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিদেশি সৈন্য প্রত্যাহারের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। খবর আলজাজিরা ও রয়টার্সের

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ২০ বছর আগে ভয়াবহ এক হামলার কারণে আমরা আফগানিস্তানে সৈন্য পাঠিয়েছিলাম। এর মানে এই নয় যে, আমাদের সেখানে ২০২১ সালেও থাকতে হবে। তিনি বলেন, আমি চতুর্থ প্রেসিডেন্ট যাদের আমলে আফগানিস্তানে সৈন্য অবস্থান করছে। আমি পঞ্চম প্রেসিডেন্টের হাতে এই দায়িত্বের বোঝা তুলে দিতে চাই না। এই দায়িত্ব শেষ করে দিতে চাই। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র সৈন্য রেখে আর ব্যয় বাড়াতে চায় না। বাইডেন জানান, আফগানিস্তানে বর্তমানে আড়াই হাজার সৈন্য রয়েছে। পহেলা মে থেকে প্রত্যাহার করা শুরু হবে। ১১ সেপ্টেম্বরের মধ্যেই সব সৈন্য প্রত্যাহার হবে। আফগানিস্তান যুদ্ধে ২ হাজার ৪০০ মার্কিনীর জীবন গেছে এবং ব্যয় হয়েছে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০০৯ সাল থেকে আফগানিস্তানে ৩৮ হাজার ৫০০ বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৭২ হাজার ৩০০ আহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ৪৮ হাজার আফগান সৈন্য নিহত হয়েছে।

ন্যাটো মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গও জানিয়েছেন, পহেলা মে তারাও সৈন্য প্রত্যাহার শুরু করবেন। সেখানে মার্কিন বাহিনী ছাড়া ৭ হাজার বিদেশি সৈন্য রয়েছে। বুধবার ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে ন্যাটো মহাসচিব বলেন, আমরা সুশৃঙ্খল এবং সমন্বিতভাবে সৈন্য প্রত্যাহার করব। তবে এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাত্ করে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানে স্থায়ীভাবে সৈন্য রাখার চিন্তা যুক্তরাষ্ট্রের কখনো ছিল না। প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। পার্টনারদের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব।

ভারতের উদ্বেগ

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত গতকাল নিরাপত্তাবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সৈন্য প্রত্যাহার করায় সেখানে একটা শূন্যতা সৃষ্টি হবে। এর ফলে কেউ কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।