রাশিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, ১০ কূটনীতিক বহিষ্কার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:২৮

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় ১০ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। খবর আলজাজিরার

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন রুশ সরকারের ঋণ লেনদেনকারী মার্কিন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি, গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ কূটনীতিককে বহিষ্কার ও ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ৩২ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সে সময় তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে তার দেশ। তৃতীয় কোনো দেশে পুতিনের সঙ্গে বৈঠক করার প্রস্তাবও দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া যদি তাদের ধ্বংসাত্মক কাজ অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত করতে ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে যা এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হলো।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মুক্ত ও অবাধ গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে খর্ব করতে ‘মস্কোর ক্রিয়াকলাপ’ এই নিষেধাজ্ঞার প্রথম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। হোয়াইট হাউজ জানিয়েছে, সম্প্রতি রাশিয়ায় ভিন্ন মতাবলম্বী এবং সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। এছাড়া ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েন করে রাশিয়া আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে বলেও যুক্তরাষ্ট্র মনে করে। এসব কার্যক্রমই যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিতে প্ররোচিত করেছে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, রাশিয়া তাদের দেশকে ধ্বংস করার হুমকি দিচ্ছে।