ভোলায় বাবার শার্টের পকেট থেকে মোটরসাইকেলের চাবি চুরি করে নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তুহিন (১৪) নিহত হয়েছেন। নিহত তুহিন ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আসুলি গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে।
সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে ওই গ্রামের সৈয়ল বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরাদ হোসেন মুরাদ জানান, নিহত তুহিন সকালে তার বাবা কবির হোসেনের পকেট থেকে বাবাকে না জানিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে মোটরসাইকেল চালাতে বের হয়।
সৈয়ল বাড়ির সামনে সড়রকে আসলে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তুহিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তার পরিবারের সদস্যরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসজেড
