বিনোদন প্রতিবেদক
সংগীতশিল্পী ও উপস্থাপক টিনা রাসেল বর্তমানে নিজের নিয়মিত কাজের পাশাপাশি আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকে একের পর এক মানসম্মত গান নিয়মিতই দর্শক-শ্রোতাদের উপহার দিচ্ছেন তিনি। এছাড়া বিশেষ দিবসে একাধিক গান রিলিজ দেওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে এই সংগীতশিল্পীর। নিজের সংগীত ভাবনা ও ব্যস্ততা নিয়ে টিনা রাসেল বলেন, ‘নতুন দুটি গানের কাজ এরইমধ্যে শুরু করেছি। এখন মিউজিক ভিডিও করবো। এরমধ্যে একটি গানের সুর করেছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার মতো গুণী একজন শিল্পীর সঙ্গে কাজ করা মানেই ক্যারিয়ারে প্রাপ্তিযোগ। দারুণ সুর করেছেন তিনি। ঈদে অন্যরকম একটি উম্মাদনা তৈরি করবে গানটি। এছাড়া নিয়মিত কিছু কাজ এরইমধ্যে শেষ করেছি, এখন মিউজিক ভিডিও করেই রিলিজ দেবো। পাশাপাশি গানবাক্স শিরোনামের একটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছি।’
প্রতিটি গানেই এখন মিউজিক ভিডিও অপরিহার্য বিষয়। গানের চেয়ে ভিডিওকে প্রাধান্য দেওয়ার রীতিও অনেক আগেই শুরু হয়েছে। এমনকি ভিউ গুণে গান ও শিল্পীর মান বিচার করাও নতুন ট্রেন্ড। টিনাও তার সব গানে মিউজিক ভিডিও করার কথা জানান। এটা কী গানের ভিউ গোনার লক্ষ্যে, নাকি সময়ের সঙ্গে চলা? এমন প্রশ্নে টিনা বলেন, ‘এখন দর্শরা শোনার সঙ্গে দেখতে অভ্যস্ত হয়েছে। সেই জায়গা থেকে কাজগুলো করছি। তবে ভিউ গুণে মান বিচার করা যায় না। ভিউ আর মান ভিন্ন বিষয়।’
গান বা অভিনয়ের পাশাপাশি অন্য পেশায় নিজেকে যুক্ত করার প্রবণতা এখন বর্তমান শোবিজ অঙ্গনের একটি নিত্যনৈমিত্তিক বিষয় বলা চলে। কেউ ক্যারিয়ার সংকটে, আবার কেউ শখের বসে এই ভিন্ন পথে হাঁটেন। গান, উপস্থাপনা ও ব্যবসা, ক্যারিয়ারে এত মাধ্যমে পদচারণা নিয়ে টিনা বলেন, ‘আমি ক্যারিয়ার সংকটে উপস্থাপনা বা ব্যবসা করি না। গানের মানুষ গান নিয়েই থাকতে চাই। গানই আমার পরিচয়। সময় নষ্ট করতে চাই না বলে শখের বসে বাকি কাজগুলো করি।’ নিজের অনলাইন ব্যবসায় বেশিরভাগ ওয়েস্টার্ন পোশাক নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। তবে এ এবারের ঈদে সম্পূর্ণ দেশি কটনের পোশাক থাকছে বলে জানান তিনি। এছাড়া এই পোশাকগুলো ডিজাইনও টিনা নিজেই করছেন।
