বিবিসি
যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সি এক কিশোরকে গুলি করে হত্যার একটি গ্রাফিক ভিডিও প্রকাশ করেছে শিকাগো পুলিশ। ভিডিওতে দেখা গেছে, অ্যাডাম টোলেডো নামের ঐ কিশোরকে গুলি করার আগে তাকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা ‘ফেলে দাও’ বলে চিত্কার করছেন। গত ২৯ মার্চ পুলিশের গুলিতে ঐ কিশোরের মৃত্যু হয়।
গত ১১ এপ্রিল মিনিয়াপোলিস উপশহরে ডন্টে রাইট নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চওভিনের বিচার চলাকালীন এই হত্যাকাণ্ডের জেরে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই প্রকাশ পেলো ১৩ বছর বয়সি শিশুকে হত্যার ভিডিও। ভিডিও প্রকাশের পর শিকাগোর মেয়র সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার শহরটিতে আবারও বিক্ষোভ হয়েছে।
ভিডিওতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা নিজেদের বহরের গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে ঐ কিশোরকে একটি অন্ধকার গলিতে ধাওয়া করছেন। ঐ সময়ে অপর এক সন্দেহভাজনকে দৃষ্টির বাইরে চলে যেতে দেখা যায়। টোলেডো ঘুরে দাঁড়িয়ে নিজের হাত উঁচু করে ধরে। পুলিশ কর্মকর্তা আবারও চিত্কার করেন ‘ফেলে দাও’। এরপরই তিনি গুলি করেন। পৃথক আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশ তাড়া করার পর টোলেডো একটি দেওয়ালের আড়ালে কিছু একটা ছুঁড়ে ফেলছে। গুলি চালানোর পর পুলিশের গায়ে থাকা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কাঠের দেওয়ালের বাইরে একটি হাতবন্দুক পড়ে আছে।
কৌঁসুলিরা জানিয়েছেন, ঐ কিশোর ২১ বছর বয়সি রুবেন রোমান নামে এক ব্যক্তির সঙ্গে ছিল। ঐ ব্যক্তি কিছুক্ষণ আগে পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলির শব্দ শুনেই পুলিশ ঐ এলাকায় আসে আর তারপরই পুলিশের গুলিতেই টোলেডোর মৃত্যু হয়।
