বিবিসি
পাকিস্তানে অবস্থানরত ফরাসি নাগরিকদের সাময়িকভাবে দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে পাকিস্তানে ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকির বিষয়েও সতর্ক করা হয়েছে। পাকিস্তান জুড়ে ফ্রান্স-বিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে এই সতর্কবার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত ফরাসি দূতাবাস। পাকিস্তানের ফরাসি দূতাবাস বৃহস্পতিবার বলেছে, ‘দেশ জুড়ে বিক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে এবং ফরাসি স্বার্থে গুরুতর হুমকি সৃষ্টি হওয়ার কারণে ফরাসি নাগরিকদের আপাতত পাকিস্তান ত্যাগ করা এবং ফরাসি কোম্পানিগুলোকে সব কার্যক্রম বন্ধ করতে বলা হচ্ছে।’ কূটনীতিকরা জানিয়েছেন, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর হুমকির পর দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিক এবং কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে এই বার্তা পাঠানো হয়েছে।
এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) এক শীর্ষ নেতাকে আটকের ঘটনায় দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। নবি মোহাম্মদ (স.) কে নিয়ে ফরাসি কার্টুনের প্রতিবাদে ফ্রান্সের নিন্দা জানিয়ে আয়োজিত সমাবেশের আগে সাদ হুসাইন রিজভি নামের ঐ নেতাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় এ সপ্তাহে অন্তত দুই জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
