বিবিসি
গত বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের প্রথম তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড ১৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৯৯২ সালের পর চীনে এটাই সবচেয়ে বেশি জিডিপি বৃদ্ধির রেকর্ড। তবে এই রেকর্ড জিডিপি বৃদ্ধিও প্রত্যাশার চেয়ে কিছুটা কম। দেশটির অর্থনীতিবিদরা ১৯ শতাংশ জিডিপি বৃদ্ধির আশা প্রকাশ করছিলেন।
করোনা ভাইরাস মহামারির পর চীন জুড়ে লকডাউন আরোপের পর গত বছরের প্রথম তিন মাসে চীনের প্রবৃদ্ধি নেমে যায় ৬.৮ শতাংশ। আর সেটাকেই ভিত্তি করে এই বছরের জিডিপি হিসেব করেছেন অর্থনীতিবিদরা। চীনের পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্যে দেখা গেছে, অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো অস্বাভাবিক শক্তিশালী অবস্থানে রয়েছে। কারণ সেগুলোকে গত বছরের দুর্বল সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে।
চীনের শিল্প উত্পাদন এক বছর আগের তুলনায় মার্চে বেড়েছে ১৪.১ শতাংশ। আর খুচরা বিক্রি বেড়েছে ৩৪.২ শতাংশ। চীনের শিল্প উত্পাদন মূলত রপ্তানি শক্তির ওপর নির্ভরশীল। আর কারখানাগুলো বৈদেশিক আদেশ পূরণে ব্যস্ত রয়েছে। কিছু বিশ্লেষকের মতে, চীনের অভ্যন্তরীণ ক্রয়ের পরিমাণও বেড়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর কঠোর পদক্ষেপ এবং অর্থনৈতিক প্রণোদনা তহবিলের সহায়তায় চীনের অর্থনীতি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। ২০২০ সালে বিপর্যয়ের বছর শুরু করেও শেষ তিন মাসে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পায়।
