ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চার জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলিতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।
ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এ সময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে সাদর শহরতলির মেডিক্যাল কর্মীরা হামলায় চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। গত জানুয়ারিতে বাগদাদে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩২ জনের মৃত্যুর পর চলতি বছর এটাই দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী হামলার ঘটনা।
২০১৭ সালে ইরাকে আইএস জঙ্গিদের পরাজিত করার পর থেকে দেশটিতে বড় ধরনের হামলা অনেকটাই কমে গেছে। গত কয়েক বছরে বাগদাদের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। জানুয়ারির ঘটনা ছিল গত তিন বছরের মধ্যে সেখানে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
