তাড়াশে বোরো খেতে পোকার আক্রমণ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:২৭

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বোরো খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। পৌর এলাকার কৃষক জিল্লুর রহমান বলেন, পোকার কারণে তার প্রতি বিঘার প্রায় ৮-১০ কাঠার বোরো ধানের ক্ষতি হয়েছে। শিশুপার্ক এলাকার কৃষক আতিকুর ইসলাম জানান, তার জমির সব ধান পোকার আক্রমণে চিটা হয়ে গেছে। সরেজমিনে পৌর এলাকায় দেখা যায়, পোকা আক্রমণে জমির ধান মরে লুটিয়ে পড়েছে। অধিকাংশ ধানের শিষ চিটা হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, পোকার আক্রমণ ও তার ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে কৃষকের সঙ্গে কাজ করছেন তারা।