চরবগলা খালে বাঁশের সাঁকোতে পারাপার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩০

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরবগলা খালের ওপর সেতু না থাকায় নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে ছয় গ্রামের মানুষকে। খাসমহল গ্রামের আবদুল মালেক বলেন, জনদুর্ভোগ লাঘবে এ স্থানে একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। মৌডুবি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সাঁকোর বিষয়টি উত্থাপন করা হবে। রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে এত বড় সেতু নির্মাণ করা সম্ভব নয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।