চাঁদপুর প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে একটি পিকআপ ভ্যান ভর্তি ১ হাজার ৫০০ কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে থাকা ১০টি ড্রামে দেড় হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন : রুবেল গাজী ও চালক ইদ্রিস মিয়া। পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, জাটকাগুলো রাতের আঁধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রয় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাটকাসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মত্স্য আইনে মামলা করা হয়েছে।
