স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে ডোবা থেকে ড্রামবন্দি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ নারীর বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ সিটিহার্ট এলাকার ডোবায় ড্রামটি ভাসতে দেখে স্থানীয় এক কৃষক পুলিশে খবর দেন। পরে নগরীর শাহ্ মখদুম থানাপুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ডোবা থেকে ড্রামবন্দি লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হচ্ছে।
