সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩৪

আঁখিরা গণহত্যা দিবস আজ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা আজ ১৭ এপ্রিল ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে রাজাকার, আল-বদর ও আল-সামস বাহিনীর সহযোগিতায় পাক হানাদার বাহিনী উপজেলার আলাদিপুর ইউনিয়নের আঁখিরায় অর্ধশত হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোর-কিশোরীকে মেশিনগানের ব্রাশফায়ারে হত্যা করে। গণহত্যার ৫০ বছর পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সহযোগিতায় সেই বধ্যভূমিতে চলতি বছরের জানুয়ারি মাসে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ।

চৌহালীতে রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীর এনায়েতপুরের পাটগুদাম হতে স্পার বাঁধ পর্যন্ত অর্ধকিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উপজেলার সদিয়াচাঁদপুর ইউপি চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ এবং থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগার আলী মাস্টার এ কাজের উদ্বোধন করেন।

এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে এতিম ও অসহায় শিশুদের মধ্যে বৃহস্পতিবার বিকালে ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার আবু হুরাইয়া (রা.) এতিমখানা, খাদিমুল ইসলাম এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানার প্রধানের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।

মসলা চাষের মাঠ দিবস

মাগুরা প্রতিনিধি মাগুরা সদর উপজেলার আঠারোখাদায় শুক্রবার একাঙ্গিজাতীয় মসলা ফসল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন, মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা লব বিশ্বাস।

নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলের কান্তনগর বার মাইল মোড় হতে কাহারোল সদর পর্যন্ত সাড়ে আট কিলোমিটার নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বৃহস্পতিবার বিকালে ঐ কাজ পরিদর্শন করেন তিনি। কাহারোল উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণব জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে কাজ শেষ করা হবে।

কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আটশ কৃষকের মধ্যে এগুলো বিতরণ করেন।

করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা করোনায় আক্রান্ত হয়ে আগৈলঝাড়ায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেরনিয়াবাতের (৭৯) লাশ খুলনা থেকে নিজ বাড়িতে আনা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার নেতৃেত্বে পুলিশের একটি চৌকশ দল বারহাজার বরিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

সীতাকুণ্ডে বিপুল গার্মেন্টসের মালামালসহ আটক ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা সীতাকুণ্ড পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে চুরি হয়ে যাওয়া বিপুল গার্মেন্টসের মালামাল ও গাড়িসহ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো রাজিব (২৮) ও হাসেম (৩১)। এ ঘটনার সঙ্গে জড়িত মনির হোসেন (৪৩) পলাতক রয়েছে। এ ব্যাপারে মডেল থানার সেকেন্ড অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হবে এবং এ ঘটনার মূলহোতা গাড়ির হেলপার মনিরকে শীঘ্রই আটক করা হবে।

 

 

০