শ্রীলঙ্কা বলেই আত্মবিশ্বাসী মিরাজ
স্পোর্টস রিপোর্টার
কাতুনায়েকের চিলাও মেরিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি) সকাল সাড়ে ৯টায় অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। দুপুর গড়িয়ে গেছে বিকাল ৩টা, গতকাল কলম্বো থেকে মুঠোফোনে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, এখনো অনুশীলন চলছে। তবে প্রায় শেষের পথে।
প্রাথমিক দলের সবাই সুস্থ আছেন। প্রচণ্ড গরম হলেও কন্ডিশনে মানিয়ে নিতে গতকাল লম্বা সময় অনুশীলনে কাটিয়েছে বাংলাদেশ দল। আজ কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মুমিনুল হকের দল। দুই দিনের প্রস্তুতি ম্যাচটা নিজেদের মধ্যে ভাগ হয়েই খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগে থেকেই জানা ছিল, স্থানীয় কোনো ক্রিকেটার দিবে না লঙ্কানরা।
প্রস্তুতি ম্যাচের পরই দুই টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন নির্বাচকরা। প্রধান নির্বাচক গতকাল বলেছেন, প্রস্তুতি ম্যাচটা দেখি। তারপর ১৬ জনের দল দিব। অবশ্য প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেই টেস্ট দল ঘোষণা হয়ে যেতে পারে।
মূল দলের বাইরে থাকা পাঁচ ক্রিকেটার আগে দেশে ফিরতে পারছেন না। ফ্লাইট জটিলতার কারণে সিরিজ শেষে পুরো দল একসঙ্গেই ফেরার সম্ভাবনা বেশি।
আন্তর্জাতিক ক্রিকেটে হারের বৃত্তে ঘুরপাক খেলেও শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর আশা করছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এ অলরাউন্ডারের মতে, এ কন্ডিশনে শ্রীলঙ্কার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ।
গতকাল অনুশীলনের পর মিরাজ বলেছেন, ‘আমরা এর আগে শ্রীলঙ্কাতে যত বারই খেলেছি, আমরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে অল্পের জন্য জিততে পারিনি, তার আগে আমরা যখন (২০১৭) ওয়ানডে সিরিজ খেলেছি, ওরা একটা জিতেছে, আমরা একটা জিতেছি, টেস্টেও ১-১ ছিল। ওদের সঙ্গে আমরা কিন্তু অনেক পিছায়ে নেই ওদের মাটিতে। গত ৩-৪ বছরে। আমার কাছে মনে হয় আমাদের যদি একই চেষ্টা থাকে এবং একই তীব্রতা দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো কিছু করতে পারব।’
শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিনারদের বড় চ্যালেঞ্জ দেখছেন মিরাজ। আসন্ন দুই টেস্টের সিরিজে নিজের সেরাটা দিতে চান এ অফস্পিনার। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার মাটিতে লাইন ও লেংথ খুবই গুরুত্বপূর্ণ স্পিনারদের ক্ষেত্রে, কারণ এখানে উইকেটটা খুব ভালো থাকে। আর আমি মনে করি যে এক-দুই দিন ওরকম না-ও কাজ করতে পারে, কিন্তু যখন তিন-চার দিন চলে যাবে তখন কিন্তু উইকেটে হেল্প থাকে। ঐ সুযোগ আমরা স্পিনাররা নিতে পারি।’
