এলিটা কিংসলে এখনই নামতে পারছেন না

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

আগামী মে মাসে মালদ্বীপে এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংসের গ্রুপ পর্বের খেলা। ১৪ মে বসুন্ধরার প্রথম ম্যাচ। এই গ্রুপে চতুর্থ দল নির্ধারণ হয়নি। আবাহনী চেষ্টা করছে। দুই ধাপে প্লেঅফ ম্যাচ দুটি খেলে বসুন্ধরার গ্রুপে ঢুকতে হবে। আবাহনীর ভাগ্য নির্ধারণ না হলেও বসুন্ধরার দল গঠনের প্রক্রিয়া চলছে।

গত ১৪ এপ্রিল ছিল এএফসিতে নাম পাঠানোর শেষ দিনে তালিকা পাঠিয়েছে বসুন্ধরা। সেখানে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলের নাম নেই বলে জানিয়েছে বাফুফে। এলিটা নাগরিকত্বের সবুজ সংকেত পেলেও পাসপোর্ট পায়নি। 

যে কারণে এএফসিতে এলিটার নাম পাঠানো যায়নি। পাসোপার্ট হয়ে গেলে তার নাম জমা দেওয়ার সুযোগ আসতে পারে, সেটি খেলার আগের সাত দিনের মধ্যে হতে হবে। এবার ৩৫ ফুটবলারের নাম জমা দেওয়া যাবে। এছাড়ও প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমানের নাম জমা দিয়েছে। বসুন্ধরা প্রবাসী ফুটবলার খুঁজে খেলানোর চেষ্টা করছে।

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, ভারতের এটিকে মোহনবাগান রয়েছে। চতুর্থ দলের জন্য জায়গা খালি আছে। বাংলাদেশের নারীকে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে এখন জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন দেখছেন।