কোহলি-রোহিতদের বেতন ৭ কোটি রুপি

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:০১

স্পোর্টস ডেস্ক

নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২০-২১ মৌসুমের জন্য ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ২৮ ক্রিকেটারকে। চুক্তিতে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, শুবমান গিল ও অক্ষর প্যাটেল। চুক্তি থেকে বাদ পড়েছেন কেদার যাদব ও মনিশ পান্ডে। ২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ। যেখানে চারটি গ্রেড রয়েছে।

সর্বোচ্চ মাসিক ৭ কোটি রুপির ‘এ’ প্লাস গ্রেডে রয়েছেন তিন ক্রিকেটার। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ‘এ’ গ্রেডে ক্রিকেটার আছেন ১০ জন। ‘বি’ গ্রেড থেকে উন্নতি পেয়ে ‘এ’ গ্রেডে এসেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। উন্নতি হয়েছে শার্দুল ঠাকুরেরও। চোটের কারণে দলের বাইরে থাকা ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালের এক গ্রেড অবনমন হয়েছে। দুই গ্রেড অবনমন হয়েছে কুলদীপ যাদবের।

‘এ’ গ্রেডে ৫ কোটি, ‘বি’ গ্রেডে ৩ কোটি, ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা ১ কোটি রুপি বেতন পাবেন। ‘বি’ গ্রেডে ৫ জন, ‘সি’ গ্রেডে ১০ ক্রিকেটার রয়েছেন।

এ প্লাস : বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ।

এ গ্রেড : রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া।

বি গ্রেড : ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল।

সি গ্রেড : কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, শুবমান গিল, হনুমা বিহারি, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।