দুবাইয়ে ভ্রমণ ভিসা
বিশেষ প্রতিনিধি
প্রবাসীদের বহুদিনের অভিযোগ—দুবাইয়ে ভ্রমণ ভিসায় যেতে হলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সঙ্গে ‘চুক্তি’ করতে হয়। তা না করলে ফেরত পাঠানো হয় বিমানবন্দর থেকে। আর এমন ‘চুক্তির’ জন্য গুনতে হয় কম করে হলেও আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ ব্যাপারে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণায় নেমেছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যাত্রীদের সর্তক করার পাশাপাশি তথ্য চেয়ে প্রচারণা চালানো হচ্ছে।
পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে—ভিজিট, টুরিস্ট ভিসায় দুবাই, ইউএই গমনেচ্ছু যাত্রীদের এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে অতি মুনাফালোভী টিকিট বিক্রেতারা অতিরিক্ত মূল্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, এয়ারপোর্ট সাপোর্টের নামে অতিরিক্ত অর্থ দাবি করলে টিকিট বিক্রেতার নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য অনুরোধ করছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে সেই পোস্টে।
এ ব্যাপারে ডিআইজি (ইমিগ্রেশন) বলেন, ‘মূলত যারা এয়ার টিকিট বিক্রি করে, তারাই ইমিগ্রেশনের নাম ভাঙিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে। ফলে ইমিগ্রেশনের বদনাম হচ্ছে। যাত্রীরা প্রতারিত হচ্ছেন। এটি বন্ধ করতে আমরা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। আমাদের ফোন নম্বরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে। অনেকেই ফোন করছেন, অভিযোগ দিচ্ছেন। আমরা সেগুলো আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ’
এয়ারপোর্ট কন্ট্রাক্ট সংক্রান্ত তথ্য জানানো যাবে নিচের নম্বরগুলো :ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহকারী পুলিশ সুপার, ইমিগ্রেশন (ওসি ইমিগ্রেশন) (০১৩২০০০৫৯০২), অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৭৬), বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১১১), বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (প্রশাসন) (০১৩২০০০৫১০২), এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০৩৫)
ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০০৬)। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর :অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৯৮), বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৮)। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর : অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৪০৭) বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৭)।
